হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি: মৃত ১, আশঙ্কাজনক ৪ – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার জগৎবল্লভপুরে শুক্রবার গভীর রাতে এক মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটেছে। আমতা থেকে হাওড়া ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী গাড়ি রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান এবং পরে পুলিশ এসে পাঁচ যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। মৃত ও আহতরা সকলেই হাওড়ার ইছাপুর ও বকুলতলা এলাকার বাসিন্দা। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে এবং ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে। মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

