হাওড়ায় সাতসকালে প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202612:00 pm
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় সাতসকালে এক প্রোমোটারকে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নিহতের নাম শফিক খান (২৭)। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভরা রাস্তায় কথা বলতে বলতেই দুই দুষ্কৃতী আচমকা আগ্নেয়াস্ত্র বের করে শফিকের মাথা ও বুক লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রোমোটারি সংক্রান্ত বিবাদ ও আর্থিক লেনদেন নিয়ে ঝামেলার জেরেই এই হত্যাকাণ্ড। নিহতের পরিবারের অভিযোগ, হারুন ও রোহিত নামে জেলফেরত দুই দুষ্কৃতী এই ঘটনার নেপথ্যে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রমজান মাস চলায় সকালে বাড়ি থেকে বেরোনোর পরই তাঁকে টার্গেট করা হয়। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।
এই নৃশংস ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকায় এমন শ্যুটআউটের ঘটনায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ। অন্যদিকে, কোচবিহারের ১ নং ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।

