হাওড়া প্রোমোটার খুনে পুলিশের জালে ৩, অধরা মূল অভিযুক্তরা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202612:18 pm
হাওড়ার পিলখানায় ২৭ বছর বয়সি প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল গোলাবাড়ি থানার পুলিশ। ধৃত মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল এবং দিলদার হোসেনকে কলকাতার জোড়াসাঁকোর একটি গোপন আস্তানা থেকে আটক করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজে চিহ্নিত মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন এখনও পলাতক। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন ও পুরনো বিবাদের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডের ইঙ্গিত মিলেছে। নিহতের পরিবারের দাবি, মোটা টাকা চাঁদার দাবিতে সফিককে দীর্ঘকাল ধরে চাপ দেওয়া হচ্ছিল। গত ভোরে দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে তাঁকে ঝাঁঝরা করে দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। স্থানীয়রা রাস্তা অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে। এদিকে, অভিযুক্তের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের ছবি ভাইরাল হওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলা রাজনীতি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অপরাধীদের হদিশ পাওয়ার চেষ্টা করছে হাওড়া সিটি পুলিশ।

