হাওড়া শ্যুটআউটে অভিযুক্ত কি তৃণমূল নেতার ঘনিষ্ঠ? মুখ খুললেন বিধায়ক গৌতম চৌধুরী – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার পিলখানায় প্রকাশ্য দিবালোকে শ্যুটআউটের ঘটনায় রাজনৈতিক পারদ তুঙ্গে। খুনে অভিযুক্ত হারুন খানকে ঘিরে শাসকদলের সঙ্গে যোগসূত্রের অভিযোগ তুলল বিজেপি। বিরোধীদের দাবি, অভিযুক্ত হারুন হাওড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব নেতা এবং স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া হারুন ও রোহিত নামে দুই যুবক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সৌফিক খান নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে। এই ঘটনার পর বিধায়কের সঙ্গে অভিযুক্তের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।
অভিযোগ অস্বীকার করে বিধায়ক গৌতম চৌধুরী স্পষ্ট জানান, রাজনৈতিক কর্মসূচিতে অনেক সময় অনেকের বাইকে উঠতে হয় বা অনেকের সঙ্গে ছবি থাকে, তার মানে এই নয় যে তিনি অপরাধীকে চেনেন। তিনি বলেন, “ও একজন ক্রিমিনাল, ওর জায়গা জেলেই হওয়া উচিত।”
পুলিশি তদন্তে উঠে এসেছে, প্রোমোটিং সংক্রান্ত বিবাদ এবং আর্থিক লেনদেনের জেরেই এই হত্যাকাণ্ড। হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মেঘারিয়া জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে তল্লাশি চলছে।

