হাতবদল হয়ে গেল প্রথম আইপিএল চ্যাম্পিয়নদের, ১৫ হাজার কোটিতে রাজস্থান রয়্যালস কিনলেন ৩ মার্কিন ধনকুবের – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রথম বারের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এখন সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন। কাল সোমানির নেতৃত্বাধীন একটি মার্কিন কনসোর্টিয়াম প্রায় ১৫,২৮৫ কোটি ৩৯ লাখ টাকার (১৬৩ কোটি ডলার) বিনিময়ে দলটির ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। এই শক্তিশালী ক্রেতা গোষ্ঠীতে রয়েছেন ওয়ালমার্টের রব ওয়ালটন এবং ফোর্ড মোটরসের হ্যাম্প পরিবারের মতো বিশ্বখ্যাত ব্যবসায়ীরা।
বর্তমান মালিক মনোজ বাদালের ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংসের হাতে থাকা ৬৫ শতাংশ শেয়ারসহ রেডবার্ড ক্যাপিটাল ও ল্যাচলান মার্ডকের যাবতীয় অংশীদারিত্ব এখন মার্কিন এই জোটের অধীনে। এর আগে ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত কিছুটা কম দামেই রফাদফা করল রাজস্থান কর্তৃপক্ষ।
আইপিএলে বিনিয়োগের এই দৌড়ে পিছিয়ে নেই ব্ল্যাকস্টোন প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজিস ফান্ডও। তারা সরাসরি দল না কিনলেও রাজস্থান রয়্যালস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে প্রায় ১,৮৭৫ থেকে ২,৮০০ কোটি টাকা বিনিয়োগ করে অংশীদারিত্ব পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

