হাদি হত্যাকাণ্ডের আসামিদের হাতে পেতে ভারতকে চিঠি দিল বাংলাদেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ধৃতদের হস্তান্তরের আবেদন জানিয়েছে বিদেশ মন্ত্রক। ঢাকার নির্বাচনী প্রচার চলাকালীন প্রকাশ্যে হাদিকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ।
অভিযুক্ত তিনজনকে গত সপ্তাহে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। তদন্তে জানা গেছে, ধৃতরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টায় ছিল। বর্তমানে তারা ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে দিল্লিতে রয়েছে।
ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনআইএ তাদের জিজ্ঞাসাবাদ করছে। অনুপ্রবেশের মামলা এবং নিরাপত্তা নিশ্চিত করার আইনি প্রক্রিয়ার কারণে প্রত্যর্পণ বিলম্বিত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, হাদি হত্যাকাণ্ডের পর সৃষ্ট গণপ্রতিবাদের মুখে তৎকালীন অন্তর্বর্তী সরকার ঘটনার তদন্তে জাতিসংঘের সহায়তাও চেয়েছিল।

.jpeg.webp?ssl=1)