হারলেও হাতে উঠেছিল সেরার ট্রফি, আইপিএল ফাইনালে অনিল কুম্বলের সেই অবিশ্বাস্য রেকর্ড আজও অজেয় – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬ শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছে টুর্নামেন্টের ইতিহাসের এক রুদ্ধশ্বাস অধ্যায়। আরসিবির প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে এমন এক কীর্তি গড়েছিলেন, যা আইপিএলের দীর্ঘ পথচলায় আজও অনন্য।
২০০৯ সালের আইপিএল ফাইনাল। ডেকান চার্জার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র ১৪৩ রানে প্রতিপক্ষকে আটকে দিয়েও ৬ রানে ম্যাচটি হেরে যায় আরসিবি। কিন্তু দল হারলেও সেদিন বল হাতে বিধ্বংসী ছিলেন কুম্বলে। মাত্র ১৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, রোহিত শর্মা ও অ্যান্ড্রু সাইমন্ডসের মতো মহারথীদের উইকেট। ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে দল হারলেও তাঁর হাতেই উঠেছিল ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর ট্রফি। আইপিএল ইতিহাসে পরাজিত দলের সদস্য হয়েও ফাইনালের সেরা হওয়ার নজির একমাত্র কুম্বলেরই রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বেঙ্গালুরু। এবার তাদের সামনে খেতাব রক্ষার লড়াই। আগামী ২৮ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আরসিবি। কুম্বলের সেই অতিমানবীয় পারফরম্যান্সের স্মৃতি উসকে দিয়ে আরও একবার ২২ গজে ঝড় তোলার অপেক্ষায় বিরাট কোহলিরা।

