হার্দিক পাণ্ডিয়ার ঘাড়ে রহস্যময় ট্যাটু, খরচ ও নেপথ্যের কাহিনী
ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও ফ্যাশন আইকন হার্দিক পাণ্ডিয়া ফের আলোচনায় এসেছেন তার নতুন ট্যাটুর কারণে। সম্প্রতি তার ঘাড়ের মাঝামাঝি অংশে ইংরেজি ‘M’ অক্ষরের একটি বিশেষ ট্যাটু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্তদের ধারণা, প্রেমিকা মাহিকা শর্মার নামের আদ্যক্ষরটিই শরীরে খোদাই করেছেন এই সৌখিন ক্রিকেটার।
বিখ্যাত ট্যাটুশিল্পী সানি ভানুশালী এই শিল্পকর্মটির নেপথ্য কাহিনী প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, ট্যাটুটিতে দুটি চিতার সম্পর্কের রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে—যার একটি সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী, আর অন্যটি তার ছায়াসঙ্গী। এই বিশেষ নকশাটি তৈরিতে সানিকে সাহায্য করেছেন দেবেন্দ্র পল্লব ও সিদ্ধেশ গাওড়ের মতো দক্ষ শিল্পীরা।
জানা গেছে, এই ট্যাটুটি করাতে হার্দিক রাত দুটোর পর স্টুডিওতে যান এবং দীর্ঘ তিন ঘণ্টা সময় ব্যয় করেন। শিল্পী সানি প্রতিটি সেশনের জন্য ৫ লক্ষ টাকা ফি নিয়ে থাকেন। সেই হিসেবে, এই বিশেষ ট্যাটুটি সম্পন্ন করতে হার্দিককে কয়েক লক্ষ টাকা গুনতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

