হাসনাবাদে রাস্তা তৈরি ঘিরে রণক্ষেত্র বিসপুর: গ্রামবাসীর মারে জখম ৩, পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বিসপুর এলাকায় রাস্তা তৈরিকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি গ্রামীণ রাস্তার অংশ নিজস্ব জমিতে ঢুকে যাওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দেন সাইফুদ্দিন গাজী নামে এক ব্যক্তি। প্রতিবেশী মন্টু শেখ এই বিবাদ মেটাতে গেলে গন্ডগোল চরমে ওঠে। অভিযোগ, সাইফুদ্দিন বহিরাগত দুষ্কৃতীদের ডেকে এনে মন্টু শেখ ও তাঁর সঙ্গীদের ওপর চড়াও হন, যার ফলে তিনজন গুরুতর জখম হন।
আক্রান্তদের টাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত বহিরাগতদের একটি ঘরে আটকে রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও বাড়ে। আটকে থাকা দুষ্কৃতীদের উদ্ধার করতে গেলে পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা চালায় জনতা। পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ।
বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। আহতদের পক্ষ থেকে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

