লেটেস্ট নিউজ

হাসপাতালে চিকিৎসাধীন সেলিম খান, গোপনীয়তা বজায় রাখতে কড়া নির্দেশ পরিবারের

কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। ৯০ বছর বয়সি এই বর্ষীয়ান ব্যক্তিত্বের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মাঝে উদ্বেগ থাকলেও, তাঁর চিকিৎসা সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষায় পরিবার কঠোর অবস্থান নিয়েছে। পরিবারের আসাম্মতিতে হাসপাতাল কর্তৃপক্ষ এখন থেকে আর কোনো মেডিক্যাল বুলেটিন প্রকাশ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

সূত্র মারফত জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণের পর তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডা. জলিল ডি পার্কারের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রয়েছেন। যদিও চিকিৎসকরা তাঁর অবস্থাকে স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে বর্ণনা করেছেন, তবুও পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অপ্রয়োজনীয় জল্পনা বা মিডিয়ার বাড়তি নজরদারি এড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

হাসপাতালে সেলিম খানকে দেখতে ইতিমধ্যেই সালমান খানসহ পরিবারের সকল সদস্য এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। আমির খান, জাভেদ আখতার ও সঞ্জয় দত্তের মতো তারকারা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই মহাতারকার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর অসংখ্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *