হিন্দিভাষীদের নাগরিকত্ব ইস্যুতে সরব মলয় ঘটক, আসানসোলে রাজনৈতিক পারদ তুঙ্গে – এবেলা
এবেলা ডেস্কঃ
আসানসোল পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের প্যাটেল ভবনে আয়োজিত এক কর্মিসভায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল প্রার্থী মলয় ঘটক। তিনি অভিযোগ করেন, দশকের পর দশক বাংলায় বসবাসকারী হিন্দিভাষীদের ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে হিন্দিভাষী অধ্যুষিত ওই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বক্তব্যের মাঝেই মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব হয়ে মলয় ঘটক সোনা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম নিয়ে কেন্দ্রকে বিঁধলে উপস্থিত মহিলারাও তাতে সায় দেন। পালটা বিজেপি প্রার্থী কৃষেন্দু মুখোপাধ্যায় দাবি করেন, এলাকায় পানীয় জল ও নিকাশির মতো মৌলিক উন্নয়নের অভাব ঢাকতেই মন্ত্রী এসব বিভ্রান্তি ছড়াচ্ছেন। তৃণমূল সরকারের ব্যর্থতার কারণেই মানুষ ক্ষুব্ধ বলে তিনি পালটা তোপ দাগেন।
নির্বাচনের আগে নিজের শক্ত ঘাঁটি আসানসোল উত্তরে জনসমর্থন ধরে রাখতে মরিয়া মলয় ঘটক সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন। বাউরিপাড়া থেকে বস্তিনবাজার—সর্বত্র মানুষের অভাব-অভিযোগ ডায়েরিতে নথিভুক্ত করছেন তিনি। অন্যদিকে, উমেশ সিংয়ের মতো বেশ কিছু বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগ দেওয়ায় ওই ওয়ার্ডের রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে।

