হিমালয়ে পরিত্যক্ত পরমাণু যন্ত্র ও নেহেরু জমানার সেই গোপন অভিযান – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, ষাটের দশকে চীনকে নজরে রাখতে নেহেরু ও ইন্দিরা গান্ধীর সম্মতিতে হিমালয়ের নন্দাদেবীতে পরমাণু যন্ত্র স্থাপন করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। পরবর্তীকালে সেই বিপজ্জনক পারমাণবিক উপকরণগুলো সেখানেই ফেলে আসা হয়। সাংসদের অভিযোগ, ওই অঞ্চলে হিমবাহের গলন এবং মেঘ ভাঙার মতো প্রাকৃতিক বিপর্যয়ের নেপথ্যে এই পরিত্যক্ত যন্ত্রগুলোই দায়ী।
উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত গঙ্গার তীরবর্তী জনপদে ক্যান্সারের ক্রমবর্ধমান হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিশিকান্ত দুবে। তিনি প্রশ্ন তুলেছেন, গঙ্গাজলের এই বিষক্রিয়ার জন্য তৎকালীন সরকারের ওই সিদ্ধান্তই কি প্রধানত দায়ী? ১৯৭৮ সালে লোকসভায় তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইয়ের বক্তব্য এবং সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টের কথা উল্লেখ করে তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

