লেটেস্ট নিউজ

হিরণের বিয়ে-বিতর্ক: এবার গীতার শ্লোক আওড়ালেন ঋতিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দানা বাঁধা বিতর্ক এক সপ্তাহ পার হওয়ার পরেও স্তিমিত হয়নি। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের পর থেকেই নেটমাধ্যমে চর্চা তুঙ্গে। এই পরিস্থিতির মাঝেই এবার গীতার শ্লোক ও আধ্যাত্মিক বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই অনিন্দিতা দাবি করেছিলেন, আইনি বিচ্ছেদ ছাড়াই হিরণ দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই সময় ঋতিকা আত্মপক্ষ সমর্থনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করলেও পরে তা মুছে ফেলেন। তবে বিতর্কের সাত দিন কাটতে না কাটতেই আবারও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি।

নিজের সাম্প্রতিক পোস্টে বাসন্তী রঙের শাড়ি পরিহিত একটি ছবি শেয়ার করেছেন ঋতিকা। সেখানে তিনি সততা বজায় রাখা এবং অহঙ্কার ত্যাগের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। শ্রীমদ্ভগবদ্গীতার বিখ্যাত কর্মফল তত্ত্বের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, “কর্ম করে যাও, ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও।”

রাজনৈতিক ও বিনোদন মহলে এই পোস্টটি নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, যাবতীয় সমালোচনা ও বিতর্কের মুখে দাঁড়িয়ে ঋতিকা আসলে ধৈর্য ও ঈশ্বরবিশ্বাসের বার্তা দিতে চেয়েছেন। তবে হিরণ বা ঋতিকা— কেউই এখনো আইনি জটিলতা বা প্রথম স্ত্রীর অভিযোগ নিয়ে সরাসরি কোনো বিশদ মন্তব্য করেননি। পরিস্থিতির গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *