হিরণের মনোনয়নে কার নাম? প্রার্থী হতেই বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই নতুন করে মাথাচাড়া দিয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের বিতর্ক। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও, বারাণসীতে মডেল ঋতিকা গিরির সঙ্গে অভিনেতার বিয়ের ছবি ঘিরে তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে অনিন্দিতা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, নির্বাচনী হলফনামায় ‘স্ত্রী’ হিসেবে হিরণ কার নাম উল্লেখ করেন।
বিগত বিধানসভা নির্বাচনে স্বামীর পাশে থেকে প্রচার করলেও, এবার ছবিটা সম্পূর্ণ ভিন্ন। অনিন্দিতার অভিযোগ, তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই হিরণ পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই নিয়ে ইতিপূর্বে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগে সরব হয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। যদিও অভিনেতা এই দ্বিতীয় বিয়ে বা ব্যক্তিগত বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এবং সামাজিক মাধ্যম থেকে বিয়ের ছবিগুলিও সরিয়ে ফেলেছেন।
রাজনৈতিক মহলে জল্পনা ছিল, ব্যক্তিগত বিতর্কের জেরে হয়তো এবার টিকিট পাবেন না খড়গপুরের বিদায়ী বিধায়ক। তবে সব জল্পনা উড়িয়ে পদ্ম শিবির তাঁকে শ্যামপুর থেকে প্রার্থী করেছে। দিলীপ ঘোষের প্রভাবে খড়গপুরে কোণঠাসা হয়ে পড়ার পর আসন বদল করে হিরণ কামব্যাক করলেও, স্ত্রীর তোলা আইনি ও নৈতিক প্রশ্নগুলি নির্বাচনী লড়াইয়ে তাঁর অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

