লেটেস্ট নিউজ

হুমায়ুন কবীরের নতুন দলকে স্বীকৃতির সুপারিশ সিইও দফতরের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র রেজিস্ট্রেশনের জন্য ভারতের নির্বাচন কমিশনকে সুপারিশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর, দল গঠনের প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদন মেলার সম্ভাবনা রয়েছে।

দলীয় প্রতীক হিসেবে হুমায়ুন কবীরের প্রথম পছন্দ ‘টেবিল’, তবে বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’-এর কথাও ভেবে রেখেছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর ও বেলডাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করেছেন তিনি। হলুদ, সবুজ ও সাদা রঙের সংমিশ্রণে তৈরি করা হয়েছে দলের পতাকা। ইতিপূর্বেই তিনি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটের বার্তা দিয়ে নিজের রাজনৈতিক পরিকল্পনা স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরে মুর্শিদাবাদে নিজের এই নতুন দলের নাম ও ইস্তাহার প্রকাশ করেন হুমায়ুন কবীর। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ও উন্নয়নের ইস্যুকে হাতিয়ার করে তিনি নির্বাচনী ময়দানে নামতে চলেছেন। রাজনৈতিক মহলের মতে, কমিশনের এই সবুজ সংকেত পাওয়ার পর তাঁর দলের পরবর্তী পদক্ষেপগুলো আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *