১১ জন মৃত সমর্থককে শ্রদ্ধা জানাতে চিন্নাস্বামীতে অনন্য উদ্যোগ আরসিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
গত বছর বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যু হয়েছিল। সেই শোকাবহ স্মৃতিকে সম্মান জানাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) কর্তৃপক্ষ এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রতিটি ম্যাচে স্থায়ীভাবে ১১টি আসন ফাঁকা রাখা হবে। ফ্র্যাঞ্চাইজি সিইও রাজেশ মেনন জানিয়েছেন, প্রয়াত অনুরাগীদের স্মরণে স্টেডিয়ামের প্রবেশপথে একটি বিশেষ স্মৃতিফলকও স্থাপন করা হবে।
নিরাপত্তার খাতিরে চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার ব্যাপক সংস্কার করা হয়েছে। ২৮ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এখানে আইপিএল অভিযান শুরু করবে আরসিবি। ভিড় নিয়ন্ত্রণে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ৩০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আদালতের নির্দেশ ও তদন্ত কমিটির সুপারিশ মেনে দর্শকদের প্রবেশ ও প্রস্থানের পথেও আমূল পরিবর্তন আনা হয়েছে যাতে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এবারের মরসুমে আরসিবির দুটি হোম ম্যাচ রায়পুরে সরিয়ে নেওয়া হয়েছে এবং ভিড় এড়াতে ‘আনবক্সিং’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ডিজিটাল টিকিটের ওপর জোর দেওয়ার পাশাপাশি দর্শকদের জন্য মেট্রো পরিষেবাও সহজতর করা হয়েছে। উদ্বোধনী অনুশীলনে খেলোয়াড়রা ১১ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। শোক ও কঠোর নিরাপত্তার আবহে চিন্নাস্বামীতে ক্রিকেট ফিরলেও আরসিবি কর্তৃপক্ষের মূল লক্ষ্য এখন সমর্থকদের সুরক্ষা নিশ্চিত করা।

