১২ আগস্ট ২০২৬: বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ভারত থেকে কি দেখা যাবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের মহাজাগতিক ক্যালেন্ডারে ১২ আগস্ট একটি বিশেষ দিন হতে চলেছে। বছরের প্রথম সূর্যগ্রহণ ফেব্রুয়ারিতে সম্পন্ন হওয়ার পর এখন সবার নজর বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণের দিকে। এটি একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে, যা নিয়ে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী এবং আকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
ভারতীয় সময় অনুযায়ী, এই গ্রহণ ১২ আগস্ট রাত ৯টা ৪ মিনিটে শুরু হবে এবং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে রাত ১১টা ১৪ মিনিটে। গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে ১৩ আগস্ট ভোর ১টা ২৭ মিনিটে। তবে সময়সূচি অনুযায়ী ভারতে তখন গভীর রাত থাকবে এবং সূর্য দিগন্তের নিচে অবস্থান করবে। ফলে ভারতীয় ভূখণ্ড থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্যটি সরাসরি দেখার কোনো সুযোগ নেই।
এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি মূলত উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্যমান হবে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং পর্তুগালের কিছু অংশ থেকে এটি স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া কানাডা, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকেও আংশিক গ্রহণ পরিলক্ষিত হবে। বৈজ্ঞানিক মতে, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে সম্পূর্ণ ঢেকে দেয়, তখনই এই দৃশ্য তৈরি হয়।

