লেটেস্ট নিউজ

১২ মাসে ১৩ বার রিচার্জের নিয়ম নিয়ে সংসদে সরব রাঘব চাড্ডা – এবেলা

এবেলা ডেস্কঃ

টেলিকম সংস্থাগুলোর রিচার্জ পলিসি নিয়ে রাজ্যসভায় তীব্র ক্ষোভ উগরে দিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তাঁর অভিযোগ, ২৮ দিনের রিচার্জ প্ল্যান আসলে গ্রাহকদের সঙ্গে এক ধরনের বড়সড় প্রতারণা। ১২ মাসের বছরে গ্রাহকদের ১৩ বার রিচার্জ করতে বাধ্য করা হচ্ছে, যা কার্যত সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। এই নিয়ম পরিবর্তনের দাবি জানিয়ে তিনি রিচার্জের মেয়াদ ৩০ বা ৩১ দিন করার প্রস্তাব দেন।

সংসদে দাঁড়িয়ে রাঘব চাড্ডা জানান, রিচার্জের মেয়াদ শেষ হওয়া মাত্রই প্রিপেড গ্রাহকদের ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া অত্যন্ত অন্যায়। এর ফলে জরুরি পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়েন এবং প্রয়োজনীয় ওটিপি বা বার্তা পৌঁছাতে বাধা সৃষ্টি হয়। আউটগোয়িং কল বন্ধ হওয়া যুক্তিসঙ্গত হলেও ইনকামিং বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই বলে তিনি দাবি করেন।

বর্তমানে দেশের অধিকাংশ টেলিকম সংস্থা মাসিক প্ল্যানের পরিবর্তে ২৮, ৫৪ বা ৮৪ দিনের রিচার্জ ব্যবস্থা চালু রেখেছে। এই কৌশলের মাধ্যমে গ্রাহকদের বছরে একবার অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ তুলেছেন এই সাংসদ। সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার এই রিচার্জ কেলেঙ্কারি রুখতে এবং টেলিকম সংস্থাগুলোর ওপর কঠোর নিয়ম জারি করতে কোনো পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *