লেটেস্ট নিউজ

১৩৬০০ কোটিতে বিক্রি রাজস্থান রয়্যালস! আরসিবির দাম কি ১৭ হাজার কোটি ছাড়াবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধামাকা। মাঠের লড়াইয়ের আগে শুরু হলো টাকার খেলা। আমেরিকার ধনকুবের কাল সোমানির নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী দল ১৩,৬০০ কোটি টাকার বিশাল অঙ্কে কিনে নিল রাজস্থান রয়্যালসের সংখ্যাগরিষ্ঠ মালিকানা। এই চুক্তিতে নাম রয়েছে ওয়ালমার্ট পরিবারের সদস্য ও এনএফএল-এর প্রভাবশালী হ্যাম্প পরিবারেরও।

কেন বিক্রি হলো রাজস্থান?

এর আগে ১৪,১০০ কোটির প্রস্তাব এলেও লেনদেনের নিশ্চয়তা নিয়ে সংশয় থাকায় তা বাতিল করেছিল রাজস্থান বোর্ড। সোমানিদের প্রস্তাবে সেই স্বচ্ছতা মেলায় শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে চুক্তি। তবে মালিকানা বদলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে চলতি আইপিএল মরসুম শেষ হওয়ার পর।

রেকর্ড গড়তে চলেছে আরসিবি

রাজস্থানের এই আকাশছোঁয়া দাম প্রভাব ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ওপর। বাজার বিশ্লেষকদের মতে, বিরাটের দলের ব্র্যান্ড ভ্যালু রাজস্থানের চেয়ে ১৫-২০ শতাংশ বেশি। ফলে আরসিবির বিক্রয়মূল্য ১৭,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে ডায়াজিও-র মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে আছেন আজিম প্রেমজি, রঞ্জন পাই এবং ব্ল্যাকস্টোনের মতো হেভিওয়েট বিনিয়োগকারীরা। ৩১ মার্চের মধ্যে আরসিবির ভাগ্য নির্ধারিত হতে পারে।

এদিকে মাঠের লড়াইয়ে নামতে প্রস্তুত রাজস্থান রয়্যালস। গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রিয়ান পরাগের নেতৃত্বে অভিযান শুরু করছে তারা। মাঠের বাইরে কোটি কোটি টাকার লেনদেন চললেও মাঠের ভেতরে ট্রফি জয়ই এখন সাঙ্গাকারা ব্রিগেডের একমাত্র লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *