লেটেস্ট নিউজ

১৪ বছর বয়সেই কোটিপতি বৈভব সূর্যবংশী, আইপিএল থেকে কত বেতন পাচ্ছেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই লাইমলাইটে রাজস্থান রয়্যালসের কনিষ্ঠ তারকা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই মাঠ কাঁপানো এই ব্যাটারের সম্পত্তির পরিমাণ এবং বিসিসিআই থেকে পাওয়া পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কারও।

২০২৫ সালের মেগা নিলামে ইতিহাস গড়েছিল রাজস্থান রয়্যালস। মাত্র ১৩ বছর বয়সে বৈভবকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছিল তারা। সেই একই পরিমাণ টাকায় ২০২৬ মরশুমের জন্যও এই প্রতিভাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অথচ নিলামে তাঁর বেস প্রাইস ছিল মাত্র ৩০ লাখ টাকা।

আইপিএলের কোটি টাকার চুক্তির পাশাপাশি বিসিসিআই থেকেও মোটা টাকা আয় করেন বৈভব। নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ স্তরে ভারতীয় দলের প্রথম একাদশে থাকলে ম্যাচ প্রতি ২০ হাজার টাকা এবং রিজার্ভ বেঞ্চে থাকলেও ১০ হাজার টাকা করে পান তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ৪ দিনের ম্যাচে তাঁর আয় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর পুরস্কার হিসেবে পাওয়া ৪০ লাখ টাকা তাঁর ঝুলি আরও ভারী করেছে।

হিসেব বলছে, এই বয়সেই বৈভবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২.৫ কোটি টাকা। আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন এই বিস্ময় বালক। গত মরশুমে ২০৬ স্ট্রাইক রেটে রান করা বৈভবের ব্যাটে এবারও ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *