১৫ হাজার কোটির রাজস্থান রয়্যালস বিক্রিতে শেন ওয়ার্নের পরিবারের পকেটে ঢুকছে ৪৫০ কোটি – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএলের প্রথম মরসুমেই এক দূরদর্শী সিদ্ধান্তে কপাল খুলে গেল প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের পরিবারের। রাজস্থান রয়্যালস দলটির মালিকানা প্রায় ১৫,২৮৫ কোটি টাকায় বিক্রি হতেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ২০০৮ সালে দলের অধিনায়ক ও কোচের দায়িত্ব নেওয়ার সময় ওয়ার্ন চুক্তিতে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছিলেন। সেই শর্ত অনুযায়ী প্রতি বছর দলের ০.৭৫ শতাংশ মালিকানা পাওয়ার কথা ছিল তাঁর।
চার বছর দায়িত্ব সামলানোর সুবাদে রাজস্থান রয়্যালসের ৩ শতাংশ মালিকানা ছিল অজি তারকার দখলে। বর্তমানে বিশাল অংকে দল বিক্রি হওয়ায় সেই ৩ শতাংশ শেয়ারের দর দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকা। ২০২৬ সালের আইপিএল শেষে এই বিপুল পরিমাণ অর্থ বুঝে নিতে পারবে ওয়ার্নের পরিবার। ২০২২ সালে তাঁর অকাল মৃত্যু হলেও ক্রিকেট মাঠের বাইরে নেওয়া সেই ব্যবসায়িক বুদ্ধির সুফল এখন ভোগ করছেন তাঁর উত্তরাধিকারীরা।

