লেটেস্ট নিউজ

১৬৫ বছরের প্রথা ভাঙল আমেরিকা: ডলারে থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর ও স্বর্ণমুদ্রা – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন ডলারের ১৬৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর নোটের গায়ে স্থান পেতে যাচ্ছে। ১৮৬১ সালে ডলারের প্রচলন শুরু হওয়ার পর থেকে এতদিন কেবল ট্রেজারারের স্বাক্ষর থাকার রীতি ছিল। এবার সেই প্রথা ভেঙে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সংবলিত নোট বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ট্রেজারি দপ্তর। আমেরিকার স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রেজারি সচিব স্কট বেসেন্টের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর ডলারে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ। তিনি জানান, এই উদ্যোগ রাষ্ট্রপতির নেতৃত্ব ও দেশের প্রতি তাঁর আত্মোৎসর্গের প্রতীক হিসেবে কাজ করবে। চলতি মাসেই স্বাধীনতার স্মারক হিসেবে ট্রাম্পের ছবি সংবলিত ২৪ ক্যারেট স্বর্ণমুদ্রার নকশায় অনুমোদন দিয়েছে মার্কিন ফেডারেল আর্টস কমিশন। যেখানে ট্রাম্পের একটি বিশেষ ভঙ্গিমা ফুটিয়ে তোলা হবে।

মার্কিন প্রশাসনের মতে, ট্রাম্পের নেতৃত্বে দেশটির অপ্রতিরোধ্য অর্থনৈতিক উন্নতি ও ডলারের আধিপত্যকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। ট্রেজারি সচিব বেসেন্ট এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে, স্বাধীনতার ২৫০ বছরে এই বিশেষ মুদ্রা ও নোট প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের কৃতিত্বকে চিরস্থায়ী করতে ডলারের গায়ে তাঁর নাম যুক্ত করার চেয়ে ভালো বিকল্প আর নেই বলে মনে করছে সংশ্লিষ্ট দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *