১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া! কর্ণাটক সরকারের ‘ডিজিটাল ডিটক্স’ নীতিতে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
স্মার্টফোনের নেশা কাটাতে কড়া পদক্ষেপ কর্ণাটক সরকারের। ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্যটি। মূলত শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং স্ক্রিন টাইম কমাতেই এই বিশেষ ‘ডিজিটাল ডিটক্স’ পলিসি আনা হয়েছে।
এই খসড়া নীতি অনুযায়ী, বিনোদনের জন্য মোবাইল বা টিভির ব্যবহার দিনে মাত্র ১ ঘণ্টায় সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অত্যধিক স্ক্রিন টাইমের ফলে শিশুদের মধ্যে তৈরি হওয়া মানসিক চাপ, অনিদ্রা এবং মনোযোগের অভাব দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
স্কুলেও আসছে বড় বদল
প্রতিটি স্কুলে তৈরি হবে ‘ডিজিটাল ওয়েলনেস কমিটি’। যারা ডিজিটাল আসক্তিতে ভোগা পড়ুয়াদের চিহ্নিত করে কাউন্সেলিং করবে। পাশাপাশি সাইবার বুলিং এবং অনলাইন জালিয়াতি থেকে বাঁচতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষক ও অভিভাবকদের। পড়াশোনার বাইরে শিশুদের মাঠের খেলায় ফেরাতে এবং অফলাইন অ্যাক্টিভিটি বাড়াতে স্কুলগুলোতে প্রযুক্তিমুক্ত নির্দিষ্ট সময় বরাদ্দ রাখার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

