লেটেস্ট নিউজ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি সংসদ সদস্য হরভজন সিংয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সোশ্যাল মিডিয়া ও অশ্লীল ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি পর্নোগ্রাফি সাইটগুলো সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানান। হরভজনের মতে, বর্তমান সময়ে কিশোর-কিশোরীরা খুব সহজেই ইন্টারনেটে যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্টের সংস্পর্শে আসছে, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

হরভজন সিং ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। তিনি প্রতিটি প্ল্যাটফর্মে বাধ্যতামূলকভাবে কঠোর ‘এজ ভেরিফিকেশন’ বা বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করার ওপর জোর দেন। সাংসদ সতর্ক করে বলেন যে, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের আসক্তি এবং অর্ধ-অশ্লীল কন্টেন্ট শিশুদের মধ্যে উদ্বেগ, অবসাদ ও চারিত্রিক বিকৃতি ঘটাচ্ছে। এই সংকট মোকাবিলায় তিনি দ্রুত কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আনার তোড়জোড় শুরু হয়েছে। কর্ণাটক সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে এবং অন্ধ্রপ্রদেশও অনুরূপ পরিকল্পনার কথা ভাবছে। পাঞ্জাব সরকারও এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে। মূলত শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে যখন জনমত তৈরি হচ্ছে, ঠিক সেই সময়েই সংসদে এই জোরালো সওয়াল করলেন হরভজন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *