১৮ কোটির পাথিরানাকে নিয়ে জটিলতা, বোর্ডের বাধায় কেকেআর শিবিরে যোগদানে অনিশ্চয়তা – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএলের আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স শিবির। ১৮ কোটি টাকার রেকর্ড মূল্যে কেনা লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল পুরোদমে অনুশীলন শুরু করলেও চোটের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও এই পেসারকে ছাড়পত্র বা এনওসি দেয়নি। ফলে ‘জুনিয়র মালিঙ্গা’র যোগদান নিয়ে চিন্তায় নাইট ম্যানেজমেন্ট।
নাইট রাইডার্স সূত্রে খবর, পাথিরানাকে আনতে প্রতিদিন বিমানের টিকিট বুক করা হলেও বোর্ডের অনুমতি না মেলায় তা বারবার বাতিল হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও শ্রীলঙ্কা বোর্ড কোনো ঝুঁকি নিতে নারাজ। ফলে পাথিরানার আইপিএল ভাগ্য এখন পুরোপুরি ঝুলে রয়েছে বোর্ডের সবুজ সংকেতের ওপর।
নাইট কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে পাথিরানার ম্যানেজারের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সমর্থকদের মনে কিছুটা আশার সঞ্চার করেছে। ৩২ আইপিএল ম্যাচে ৪৭ উইকেট নেওয়া এই পেসার কবে দলের বোলিং বিভাগে যোগ দেবেন, তা নিয়ে বর্তমানে ক্রিকেটমহলে প্রবল ধোঁয়াশা ও উৎকণ্ঠা বজায় রয়েছে।

