১ এপ্রিল থেকে এটিএম থেকে টাকা তোলা হতে পারে আরও ব্যয়বহুল – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১ এপ্রিল থেকে এইচডিএফসি এবং পিএনবি-সহ বেশ কিছু ব্যাঙ্ক এটিএম লেনদেনের নিয়মে বড় বদল আনছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ইউপিআই ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে টাকা তুললেও তা মাসিক বিনামূল্যে লেনদেনের সীমার মধ্যেই গণ্য হবে। এই নির্দিষ্ট সীমা অতিক্রম করলে গ্রাহকদের প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য ২৩ টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে।
ডিজিটাল পেমেন্টে উৎসাহ দিতে ব্যাঙ্কগুলি এই পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নির্দিষ্ট কিছু ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো ও নন-মেট্রো শহর ভেদে বিনামূল্যে লেনদেনের সংখ্যা ভিন্ন হতে পারে। তাই গ্রাহকদের বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে নেট ব্যাঙ্কিং বা ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

