১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন আয়কর বিধি: করদাতাদের জন্য বিশেষ ঘোষণা নির্মলা সীতারমনের – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে নতুন আয়কর বিধিমালা ২০২৬। কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রকাশিত খসড়া অনুযায়ী, ১৯৬১ সালের পুরনো নিয়মের পরিবর্তে এখন থেকে ২০২৫ সালের নতুন বিধিতে কর সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালিত হবে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, ডিজিটাল এবং প্রশাসনিকভাবে উন্নত করা। সরকারের আশা, নতুন কাঠামোর ফলে কর সংক্রান্ত বিরোধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
চলতি বছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন করদাতাদের জন্য বড় ঘোষণা করেছেন। জানানো হয়েছে, আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন করদাতারা। যাঁদের হিসাব পরীক্ষার প্রয়োজন নেই, তাঁরা আইটিআর-৩ এবং আইটিআর-৪ ফর্ম আগামী ৩১ আগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন। এর ফলে নথিপত্র জমা দেওয়ার জন্য করদাতারা আগের তুলনায় অনেক বেশি সময় হাতে পাবেন।
তবে করদাতাদের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো, আয়কর হারের স্ল্যাবে কোনো পরিবর্তন করা হয়নি। পুরনো কাঠামোয় বার্ষিক আড়াই লক্ষ টাকা এবং নতুন কাঠামোয় বার্ষিক চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। নতুন ব্যবস্থায় মোট সাতটি স্তর রাখা হয়েছে, যেখানে বার্ষিক ৮ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ এবং ১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ কর ধার্য করা হয়েছে। কর কাঠামো অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপছে না।

