লেটেস্ট নিউজ

২০০ কোটির সাম্রাজ্য ও ৫৮টি গোপন ভিডিওর রহস্য ফাঁস করবেন আইপিএস অফিসার – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজেকে নেভি ক্যাপ্টেন ও জ্যোতিষী দাবি করা অশোক খরাতের লালসার জাল এবার ছিঁড়তে চলেছেন দুঁদে আইপিএস অফিসার তেজস্বী সাতপুতে। নাসিকের এই স্বঘোষিত ধর্মগুরুর আস্তানা থেকে উদ্ধার হয়েছে ৫৮টি বিতর্কিত ভিডিও, যা ঘুম উড়িয়েছে বহু প্রভাবশালী ব্যক্তিত্বের। এই হাই-প্রোফাইল মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT) এর নেতৃত্বে থাকছেন ২০১২ ব্যাচের এই সাহসী পুলিশ আধিকারিক।

কে এই তেজস্বী সাতপুতে?

শৈশবে পাইলট হওয়ার স্বপ্ন দেখলেও চোখের সমস্যার কারণে সেই পথ বন্ধ হয়ে যায় তেজস্বীর। এরপর বায়ো-টেকনোলজি এবং এলএলবি পাশ করে ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। প্রথমবার ব্যর্থ হলেও দমে যাননি। কঠোর পরিশ্রমে মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস হিসেবে নিজের জায়গা করে নেন।

হেলমেট বিপ্লব থেকে ‘অপারেশন পরিবর্তন’

পুণেতে ট্রাফিক ডিসিপি থাকাকালীন বলপ্রয়োগের বদলে সচেতনতার মাধ্যমে মাত্র ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ মানুষের মাথায় হেলমেট তুলে দিয়েছিলেন তিনি। এরপর সোলাপুরের এসপি থাকাকালীন ‘অপারেশন পরিবর্তন’-এর মাধ্যমে কয়েক দশকের পুরনো অবৈধ মদের ব্যবসা সমূলে নির্মূল করে চমকে দেন গোটা রাজ্যকে।

এবারের চ্যালেঞ্জ

জ্যোতিষী অশোক খরাতের বিরুদ্ধে শুধু ধর্ষণ নয়, ২০০ কোটি টাকার সম্পত্তির হিসেব বহির্ভূত লেনদেন এবং প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করার অভিযোগও উঠেছে। ৫৮টি ভিডিওতে ঠিক কী আছে এবং এই চক্রের শিকড় কতদূর, এখন সেই রহস্য ভেদে তেজস্বী সাতপুতের মস্তিস্ক ও ‘সফট পুলিশিং’ কৌশলের দিকে তাকিয়ে মহারাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *