লেটেস্ট নিউজ

২০২১-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত পুলিশ কর্তাদের তালিকা তলব করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার সময় যে সমস্ত পুলিশ আধিকারিক ও থানার ওসিরা দায়িত্বে ছিলেন, তাঁদের বিস্তারিত তালিকা তলব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

কমিশন সূত্রে জানা গেছে, শুধুমাত্র ওসির তালিকা নয়, সেই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলির দায়িত্বে থাকা ঊর্ধ্বতন পুলিশকর্তাদের নামও দ্রুত দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত হয়েছে কি না, সেই সংক্রান্ত বিশদ রিপোর্টও চেয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। মঙ্গলবারের বৈঠকে অত্যন্ত কঠোর মনোভাব প্রদর্শন করে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিগত নির্বাচনের অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গের ভাবমূর্তি জাতীয় স্তরে ক্ষুণ্ণ হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনকে এখনই সতর্ক হতে হবে।

উল্লেখ্য, সোমবারের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের ভর্ৎসনা করেছিলেন জ্ঞানেশ কুমার। ২০২১ সালের হিংসার ঘটনায় আদালতের হস্তক্ষেপে সিবিআই তদন্ত এবং বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল। সেই প্রেক্ষাপটকে মাথায় রেখেই এবার ভোট ঘোষণার আগে থেকেই সক্রিয় ভূমিকা নিচ্ছে কমিশন। মঙ্গলবার রাতেই রিপোর্ট জমার নির্দেশ দিয়ে কলকাতা ছেড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *