২০২৬-এর ফলই ওলটপালট করে দেবে দিল্লির গদি, অভিষেকের ‘মিশন ৫০’ চ্যালেঞ্জে চরম অস্বস্তিতে বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনই কি ঠিক করে দেবে দিল্লির ভাগ্য? সোমবার ‘তপশিলির সংবাদ’ কর্মসূচি থেকে বিজেপিকে এমনই এক বিস্ফোরক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে বঙ্গে বিজেপি যদি ৫০টি আসনের নিচে নেমে যায়, তবে ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না— তার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে কেন্দ্রের বর্তমান সরকার।
দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক স্পষ্ট জানান, বাংলায় পদ্ম শিবিরের শোচনীয় পরাজয় দিল্লির জোট সঙ্গীদের মনে ভয়ের সঞ্চার করবে। এর ফলে টলে যাবে কেন্দ্রের মসনদ। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে কটাক্ষ করে তিনি বলেন, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে দলিতদের ওপর লাগাতার অত্যাচার চলছে। তাই বাংলার মানুষের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, অভিষেকের এই ‘মিশন ৫০’ লক্ষ্যমাত্রা আসলে ২০২৬-এর লড়াইকে দিল্লির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপান্তরিত করল।

