লেটেস্ট নিউজ

২০২৬-এর লক্ষ্যে রণহুঙ্কার বিজেপির, ৫ হাজার কিমি পরিবর্তন যাত্রা ঘিরে সরগরম বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলা দখলে এবার অল-আউট গেমে নামছে পদ্ম শিবির। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ রবিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিজেপির মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’। টানা ১০ দিন ধরে ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা, যা শেষ হবে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সমাপ্তি অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিশাল জনসভার ডাক দিয়েছে গেরুয়া শিবির।

একনজরে পরিবর্তন যাত্রার ব্লু-প্রিন্ট

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ২৫০টি ছুঁয়ে যাবে এই যাত্রা। যাত্রাপথে ৬৬টি বড় জনসভা এবং ৩০০টিরও বেশি স্বাগত অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই যাত্রার রূপরেখা তুলে ধরেন।

রথী-মহারথীদের মেলা

১ মার্চ থেকেই রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রান্ত থেকে একযোগে এই যাত্রা শুরু হচ্ছে।

  • শিলিগুড়ি: যাত্রার সূচনা করবেন নিতীন নবীন, সঙ্গে থাকবেন শমীক ভট্টাচার্য ও নিশীথ প্রামাণিক।
  • রায়দিঘি: ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার এই ব্লক থেকে ঝোড়ো প্রচার শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • আমতা: হাওড়ার এই কেন্দ্র থেকে যাত্রার ফ্ল্যাগ অফ করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।এ ছাড়াও জেপি নাড্ডা, দেবেন্দ্র ফড়ণবিস, শিবরাজ সিং চৌহান, স্মৃতি ইরানি এবং অন্নপূর্ণা দেবীর মতো হেভিওয়েট নেতারা বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচিতে শামিল হবেন।

ব্রিগেডে মোদির মেগা শো

আগামী ১০ মার্চ কলকাতায় এই দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটবে। বিজেপি নেতৃত্বের লক্ষ্য, ওই দিন ব্রিগেড চলো ডাক দিয়ে কয়েক লক্ষ মানুষের জমায়েত করা। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ৩ ও ৪ মার্চ হোলি এবং দোল উৎসবের কারণে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

স্লোগান এখন একটাই

দুর্নীতি ও অনুন্নয়নের অভিযোগে তৃণমূল সরকারকে বিঁধে বিজেপির এবারের মূল স্লোগান ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’। ভোটার তালিকার অসঙ্গতি এবং রাজনৈতিক বঞ্চনাকে হাতিয়ার করে গ্রাম থেকে শহর— সর্বত্র জনমত গড়ে তোলাই এখন বঙ্গ বিজেপির প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *