লেটেস্ট নিউজ

২০২৬ বিধানসভা নির্বাচন: প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘বায়োডেটা বক্স’, বাড়ছে আবেদনের ভিড়

আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে তৃণমূল ভবনে বসানো হয়েছে একটি বিশেষ ‘বায়োডেটা বক্স’। গত সোমবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ইচ্ছুক প্রার্থীরা সরাসরি তাঁদের জীবনপঞ্জি বা বায়োডেটা জমা দিতে পারছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নতুন মুখ খোঁজার এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, ২রা মার্চ পর্যন্ত এই ড্রপ বক্সটি ভবনে থাকবে। সেখানে জমা পড়া আবেদনগুলি থেকে পরবর্তীকালে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। দেবাংশু নিজে নির্বাচনে লড়তে প্রস্তুত বলে জানানোর পাশাপাশি উল্লেখ করেন যে, স্বচ্ছতা বজায় রাখতেই প্রতিবারের মতো এবারও এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে চিকিৎসক, সমাজসেবী ও পড়ুয়ারা ব্যাপক উৎসাহের সাথে আবেদন জমা দিচ্ছেন।

অন্যদিকে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। বিজেপি যখন ‘পরিবর্তন যাত্রা’ ও ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি নিচ্ছে, তখন তৃণমূল ব্যস্ত তৃণমূল স্তরের জনসংযোগ ও সাংগঠনিক রদবদলে। মূলত স্বচ্ছ ভাবমূর্তি ও নতুন প্রজন্মের প্রার্থীদের গুরুত্ব দিতেই এই বায়োডেটা বক্সের আয়োজন করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে, তাই তার আগেই প্রার্থী বাছাই পর্ব সেরে ফেলতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *