২০২৬ বিধানসভা নির্বাচন: সোমবার সিইও দপ্তরে বাহিনীর রুটম্যাপ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি ও রণকৌশল স্থির করতে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী সোমবার বিকেল ৪টেয় কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। সিইও মনোজ কুমার আগারওয়ালের পৌরোহিত্যে এই বৈঠকে বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্রসহ রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত থাকবেন।
বৈঠকটির মূল লক্ষ্য হলো রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং স্পর্শকাতর বুথগুলির জন্য নিরাপত্তার নীল নকশা তৈরি করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে ৪৮০ কো ম্পা নি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে প্রথম দফায় ২৪০ কো ম্পা নি বাহিনী ১ মার্চের মধ্যে রাজ্যে পৌঁছাবে। ভোটারদের আস্থা ফেরাতে এলাকায় এলাকায় টহলদারি বা ‘এরিয়া ডমিনেশন’ কবে থেকে শুরু হবে, তা নিয়েও এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষা করাই এই আলোচনার প্রধান উদ্দেশ্য। সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসএফ-সহ বিভিন্ন বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ কেন্দ্র ও গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবারের এই মেগা বৈঠক থেকেই মূলত আসন্ন নির্বাচনের রুটম্যাপ এবং বাহিনী মোতায়েনের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

