২০২৬ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা: গ্রুপ পর্বেই মুখোমুখি ভারত-পাকিস্তান
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী জুন মাসে ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে এই মেগা আসর। টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আয়োজক ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের শক্তিশালী ক্রিকেট দলগুলো এই শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে।
ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকবে গ্রুপ ১-এর দিকে, যেখানে একই গ্রুপে স্থান পেয়েছে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ ছাড়াও একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ ২-এ লড়বে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।
আগামী ১৪ জুন এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর ১৭ জুন নেদারল্যান্ডস এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে হরমনপ্রীত ব্রিগেড। দুটি গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। আগামী ৫ জুলাই লর্ডসের ঐতিহাসিক মাঠে ফাইনাল খেলার মাধ্যমে আসরের সমাপ্তি ঘটবে।
