২০২৭ বিশ্বকাপে কি খেলবেন রোহিত-কোহলি, বিসিসিআই-কে বড় চ্যালেঞ্জ ছুড়লেন যুবরাজ সিং

২০২৭ বিশ্বকাপে কি খেলবেন রোহিত-কোহলি, বিসিসিআই-কে বড় চ্যালেঞ্জ ছুড়লেন যুবরাজ সিং

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করে এখন থেকেই ব্লু প্রিন্ট সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট মহল। দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা সেই মেগা টুর্নামেন্টে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে কি না, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্নের অন্ত নেই। এই আবহে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের দু’বারের বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিং। তাঁর সাফ কথা, রোহিত ও বিরাটের মতো কিংবদন্তি ক্রিকেটারদের ভবিষ্যতের বিষয়ে ধোঁয়াশায় না রেখে বোর্ডকে এখনই স্পষ্ট বার্তা দিতে হবে।

যুবরাজ মনে করেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ‘রো-কো’ জুটিকে অন্ধকারে রাখা একেবারেই অনুচিত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানি না নির্বাচকদের মাথায় ঠিক কী চলছে। তবে এত বড় মাপের ক্রিকেটারদের ক্ষেত্রে পরিকল্পনায় স্বচ্ছতা থাকা জরুরি। হয় বিশ্বকাপের জন্য ওদের ওপর ভরসা রাখুন, নয়তো সরাসরি বলুন যে দল এখন তরুণদের সুযোগ দিতে চায়। সত্যিটা জানানো দরকার।” ভারতীয় ক্রিকেটে অনেক সময় অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সঠিক আলোচনার অভাব দেখা যায় বলে আক্ষেপ প্রকাশ করেছেন যুবরাজ।

আসন্ন আইপিএলের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। যুবরাজের মতে, রোহিত সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক। অন্যদিকে বিরাট বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার। তাই তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া বিসিসিআই-এর দায়িত্ব। শুধু তরুণদের নিয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চে জেতা সম্ভব নয় বলে জানিয়ে যুবরাজ বলেন, দলে অভিজ্ঞতার ভারসাম্য থাকা প্রয়োজন। ২০২৭ বিশ্বকাপের রোডম্যাপ তৈরিতে বিসিসিআই এবং নির্বাচকরা এই দুই মহাতারকাকে নিয়ে কী অবস্থান নেন, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *