২০ দিনের ব্যবধানে ফের আসাম সফরে অমিত শাহ, বরাক উপত্যকা থেকে শুরু হচ্ছে মেগা নির্বাচনী অভিযান – এবেলা
এবেলা ডেস্কঃ
আসামে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তৎপরতা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের রেশ কাটতে না কাটতেই আগামী ২০ ফেব্রুয়ারি দুই দিনের সফরে আসামে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ দিনের মধ্যে এটি তাঁর দ্বিতীয় সফর, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অমিত শাহের এই সফর শুরু হবে বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর থেকে। সেখানে তিনি ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’-এর (VVP) দ্বিতীয় পর্যায়ের একটি প্রকল্পের সূচনা করবেন। সফরের দ্বিতীয় দিনে গুয়াহাটিতে সিআরপিএফ-এর বার্ষিক প্যারেডে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে ছত্তিশগড় ও কাশ্মীরে আধাসামরিক বাহিনীর বীরত্বগাথা ও অস্ত্র প্রদর্শনী প্রদর্শিত হবে।
রাজ্যের যুবসমাজকে আধাসামরিক বাহিনীতে উৎসাহিত করতে ধেমাজি জেলায় একটি সিআরপিএফ নিয়োগ কেন্দ্র খোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর জন্য জমি অধিগ্রহণের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি শেষবার আসাম সফর করেছিলেন শাহ। নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই ঘনঘন সফর বিরোধীদের ওপর চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

