লেটেস্ট নিউজ

২০ বছর ধরে নিখোঁজ কুমারগ্রামের ধনঞ্জয়, ভোট এলেই বুক ফাটে বৃদ্ধ বাবা-মায়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের উত্তর নারারথলি গ্রামের মাহাত পরিবারে গত দুই দশক ধরে বিষাদের ছায়া। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে গাড়ি চালক হিসেবে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন ধনঞ্জয় মাহাত। বিএসএফ জওয়ানদের পুরুলিয়ায় নামিয়ে দিয়ে ফেরার পথে ঝালদা এলাকা থেকে তিনি ও তাঁর গাড়িটি নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ ২০ বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত তাঁর কোনো হদিশ মেলেনি।

ছেলের অপেক্ষায় আজও পথ চেয়ে বসে আছেন বৃদ্ধ বাবা ধীরেন্দ্র মাহাত ও মা থানেশ্বরী মাহাত। প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার লিখিত আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ পরিবারের। নিখোঁজ ধনঞ্জয়ের ভাই মৃত্যুঞ্জয় মাহাতর আক্ষেপ, এতগুলো বছর পেরিয়ে গেলেও দাদার বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। গণতান্ত্রিক উৎসবের আবহে যখন চারদিকে ভোটের প্রচার তুঙ্গে, তখন ঘরের ছেলেকে হারানোর যন্ত্রণা আরও তীব্র হয়ে ওঠে এই পরিবারের সদস্যদের মনে।

ঘটনা প্রসঙ্গে কুমারগ্রামের বিডিও সন্দীপ ধাড়া জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন। দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত পরিবারটি এখন কেবল প্রশাসনের সদিচ্ছা ও একটি মিরাকেলের আশায় দিন কাটাচ্ছে। ২০ বছর আগের সেই অমীমাংসিত রহস্যের জট ছাড়িয়ে ঘরের ছেলে কি আদৌ কোনোদিন ফিরে আসবে, সেই প্রশ্নই এখন উত্তর নারারথলি গ্রামের বাতাসে ভাসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *