২২ গজে আইপিএলের মেজাজ! পথ নিরাপত্তা প্রচারে ব্যাট-বল হাতে নামছেন পরিবহণ কর্তারা – এবেলা
এবেলা ডেস্কঃ
পথ দুর্ঘটনা রোধে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দপ্তর। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সল্টলেকের বৈশাখী মাঠে আয়োজিত হচ্ছে ‘ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট প্রিমিয়ার ক্রিকেট লিগ’। আইএএস, ডাব্লিউবিসিএস অফিসার থেকে শুরু করে আরটিও এবং মোটর ভেহিকেল ইন্সপেক্টররা মাঠ কাঁপাতে তৈরি। আইপিএলের ধাঁচে আটটি দলের রঙিন জার্সি উন্মোচন হয়েছে, যেখানে পুরুষ কর্মীদের পাশাপাশি মহিলা কর্মীরাও অংশ নেবেন।
মোট আটটি দলের এই নকআউট প্রতিযোগিতায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচারই মূল লক্ষ্য। দপ্তরের আধিকারিকদের মতে, কাজের চাপের মাঝে এই আয়োজন কর্মীদের রিফ্রেশমেন্ট দেবে এবং সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেবে। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত জমজমাট এই টুর্নামেন্টের ট্রফি কার হাতে ওঠে, এখন সেটাই দেখার।

