২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ: জেলায় জেলায় কড়া সতর্কবার্তা নবান্নের – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন ২৩ মার্চ সন্ধ্যায় রাজ্যে পরিপূরক বা ‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য আগাম সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। শনিবার নবান্নের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলাশাসককে এই মর্মে একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে।
নবান্ন সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশের সময় সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ এবং স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিনিয়র স্পেশাল সেক্রেটারি স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জনসমাগম হতে পারে এমন জায়গাগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পরিকাঠামোগত প্রস্তুতি যেন এখনই সেরে রাখা হয়।
এই নির্দেশিকার প্রতিলিপি জেলাশাসকদের পাশাপাশি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে। মূলত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতেই নবান্ন এই আগাম তৎপরতা গ্রহণ করেছে। প্রশাসনের শীর্ষ মহল থেকে পরিস্থিতির ওপর নিরবচ্ছিন্ন নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

