২৬ এর নির্বাচনের আগেই ঘাসফুল শিবিরের নয়া হুঙ্কার
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নতুন রণকৌশল সাজাল তৃণমূল কংগ্রেস। ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’—এই নতুন স্লোগান ও লোগো প্রকাশ্যে এনেছে শাসকদল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত এই প্রচারের মূল লক্ষ্য বিজেপিকে ‘বাংলা বিরোধী’ হিসেবে চিহ্নিত করে কড়া রাজনৈতিক জবাব দেওয়া। নতুন বছরের শুরুতেই এই স্লোগানকে হাতিয়ার করে ময়দানে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ২ জানুয়ারি থেকেই রাজ্যজুড়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি শুরু করছেন অভিষেক। উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং কলকাতায় একাধিক সভা ও মিছিলের মাধ্যমে বিজেপিকে গণতান্ত্রিকভাবে বিদায় জানানোর ডাক দেবেন তিনি। তৃণমূলের দাবি, যারা বাংলাকে শোষণ ও বঞ্চনা করছে, সাধারণ মানুষ ইভিএমের মাধ্যমে তাদের যোগ্য জবাব দেবে। বিধানসভা ভোটের আগে এই নয়া প্রচার কর্মসূচি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

