২৬-এর মহাযুদ্ধের আগে তৃণমূলে বড় রদবদল! প্রতিটি জেলায় কড়া নজরদারিতে নামছেন অভিষেক – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনে বড়সড় রদবদল আনল তৃণমূল কংগ্রেস। প্রতিটি জেলায় জনসংযোগ ও প্রচার তদারকির জন্য বিশেষ কো-অর্ডিনেটর নিয়োগের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিতে ১৮০০ প্রভাবশালী নাগরিকের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ৩৮টি বিশেষ টিমের মাধ্যমে এই কাজ এক মাসের মধ্যে শেষ করতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে অভিষেক জানান, মানুষের সঙ্গে জনসংযোগের ক্ষেত্রে কোনো ঔদ্ধত্য বরদাস্ত করা হবে না। প্রতিটি বিধানসভা এলাকায় তিনটি বিশেষ নজরদারি দল গঠিত হবে, যার সদস্য থাকবেন ৫-১০ জন। যোগ্য ভোটারদের তালিকা সংশোধনে কোনো গাফিলতি না রাখার এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এক মিনিটও সময় নষ্ট না করে আন্দোলনের মেজাজে মাঠে থাকার কড়া হুঁশিয়ারি দেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

