২৬/১১ হামলার সেই লড়াকু পুলিশ অফিসার সদানন্দ দাতে মহারাষ্ট্রের নতুন ডিজিপি
মুম্বই হামলার বীর যোদ্ধা ও জাতীয় তদন্তকারী সংস্থার প্রাক্তন প্রধান সদানন্দ দাতে মহারাষ্ট্রের নতুন পুলিশ ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন। ১৯৯০ ব্যাচের এই আইপিএস অফিসার আগামী ৩ জানুয়ারি বর্তমান ডিজিপি রশ্মি শুক্লার স্থলাভিষিক্ত হবেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অবসরের সময়সীমা নির্বিশেষে আগামী দুই বছরের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।
২০০৮ সালের ২৬শে নভেম্বর আজমল কাসাব ও আবু ইসমাইলের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে তিনি রাষ্ট্রপতির বীরত্ব পদক পেয়েছিলেন। কামা হাসপাতালে জঙ্গিদের গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়া সত্ত্বেও নিজের কর্তব্য থেকে বিচ্যুত হননি এই লড়াকু অফিসার। সম্প্রতি মহারাষ্ট্র এটিএস এবং এনআইএ-র শীর্ষ পদে থাকাকালীন তাঁর সন্ত্রাসবিরোধী অভিজ্ঞতা বিবেচনা করেই ইউপিএসসি প্যানেল থেকে তাঁকে বেছে নেওয়া হয়েছে।

