২৮ জানুয়ারি আসছে নতুন আধার অ্যাপ: ঠিকানা ও মোবাইল নম্বর বদল হবে ঘরে বসেই – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: আধার কার্ড নিয়ে বড়সড় আপডেট দিল কেন্দ্র। সাধারণতন্ত্র দিবসের রেশ কাটতে না কাটতেই আগামী ২৮ জানুয়ারি লঞ্চ হতে চলেছে আধার অ্যাপের নতুন ও পূর্ণাঙ্গ ভার্সন। এই অ্যাপ আসার ফলে এখন থেকে আধার সংক্রান্ত একাধিক কাজ আরও সহজ হবে।
সবচেয়ে বড় সুবিধা কী?
UIDAI জানিয়েছে, নতুন এই অ্যাপে ব্যবহারকারীরা ঘরে বসেই আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আগে ঠিকানার কাজ অনলাইনে হলেও, মোবাইল নম্বর বদল করা নিয়ে নানা জটিলতা ছিল। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।
পকেটে আধার কার্ড রাখার দিন শেষ:
নতুন অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ব্যবহারকারীদের আর ফিজিক্যাল আধার কার্ড বা তার জেরক্স সাথে নিয়ে ঘুরতে হবে না। ফোনের অ্যাপ থেকেই নিজেদের পরিচয় প্রমাণ করা যাবে। এছাড়া এতে বিশেষ ‘প্রাইভেসি ফিচার’ যুক্ত করা হয়েছে। অর্থাৎ, কোথাও পরিচয় দেওয়ার সময় শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যটুকুই শেয়ার করা যাবে, বাকি ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।
কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?
- প্রথমে অ্যাপটি ইনস্টল করে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।
- লগ-ইন করার পর প্রোফাইলে আধার কার্ড দেখা যাবে।
- প্রয়োজনে এখান থেকেই কিউআর কোড বা ডিজিটাল ফরম্যাটে আধার শেয়ার করা যাবে।
আগামী ২৮ জানুয়ারি এই অ্যাপের সমস্ত ফিচার জনসমক্ষে আসবে। কেন্দ্রের দাবি, সাধারণ মানুষের আধার সংক্রান্ত অভিজ্ঞতা আরও সুরক্ষিত এবং সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

