৩১ মার্চের মধ্যে তথ্য যাচাই না হলে রাজ্যের ১২ লক্ষ গ্রাহকের রেশন বন্ধের আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রেশন কার্ডের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হলে আগামী ১ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের প্রায় ১২ লক্ষ গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত এই গ্রাহকদের ভরতুকিযুক্ত চাল ও গম সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মোদী সরকার। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক বৈঠকে জানানো হয়েছে, ৩১ মার্চের মধ্যে অন্তত ৯০ শতাংশ যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট গ্রাহকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সারাদেশে প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ সন্দেহজনক রেশন গ্রাহকের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের তালিকা পাঠানো হলেও, এপর্যন্ত মাত্র ৩১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রাজ্য খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রশাসনিক ব্যস্ততা ও নির্বাচনী প্রক্রিয়ার কারণে এই যাচাইয়ের গতি কিছুটা থমকে গিয়েছে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, রাজ্যে বর্তমানে প্রায় ১২ লক্ষাধিক কার্ডের তথ্য যাচাই বাকি রয়েছে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এক প্রকার চ্যালেঞ্জিং।
রেশন ডিলারদের সংগঠন এই প্রক্রিয়ায় অতিরিক্ত সময় দাবি করেছে এবং কেন্দ্রের এই পদক্ষেপকে ভরতুকি কমানোর কৌশল হিসেবে অভিহিত করেছে। যদি কেন্দ্র ভরতুকি বন্ধ করে দেয়, তবে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে চাল সরবরাহ বজায় রাখার চেষ্টা করলেও কেন্দ্রীয় বরাদ্দকৃত গম সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এতে যেমন সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়বেন, তেমনি রাজ্যের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপার সম্ভাবনা দেখা দিয়েছে। বাকি থাকা গ্রাহকদের অস্তিত্ব প্রমাণে এখন যুদ্ধকালীন তৎপরতা প্রয়োজন।

