লেটেস্ট নিউজ

৩৪ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে, শপথ নিলেন তারেক রহমান – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ ৩৪ বছরের ‘বেগম-যুগের’ অবসান ঘটিয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগিরসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও শপথ গ্রহণ করেন।

তারেক রহমানের এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশ ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশসচিব বিক্রম মিসরি। মঙ্গলবার দুপুরে বিশেষ বিমানে ঢাকা পৌঁছালে তাঁদের স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পদস্থ আধিকারিকরা। ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের সমাপ্তি ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে সোমবার রাতেই জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি ১৭ জন নতুন মুখ ঠাঁই পেয়েছেন, যা দেশের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। আজ বিকেলের মধ্যেই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *