৩ কোটি ৩০ লক্ষের উন্নয়ন বনাম পানীয় জলের হাহাকার: জামুড়িয়ায় কাঠগড়ায় বিধায়ক হরেরাম – এবেলা
এবেলা ডেস্কঃ
গত পাঁচ বছরে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে বিধায়ক তহবিলের বরাদ্দ ৩ কোটি ৩০ লক্ষ টাকার শতভাগ কাজ সম্পন্ন করেছেন তৃণমূল বিধায়ক হরেরাম সিং। জেলা প্রশাসন সূত্রের খবর, চুরুলিয়ায় সোলার স্ট্রিটলাইট, দেশেরমোহনে কবরস্থানের প্রাচীর, খোঁট্টাডিহিতে কমিউনিটি হল এবং নিউকেন্দায় বাসস্ট্যান্ড তৈরিতে বড় অঙ্কের টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে শিল্পতালুকের রাস্তা এবং আখলপুর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি করেছেন বর্ষীয়ান এই শ্রমিক নেতা।
উন্নয়নের খতিয়ান পেশ করলেও জামুড়িয়ার জনমানসে প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসেব নিয়ে তীব্র টানাপড়েন শুরু হয়েছে। বিশেষত, কালাঝরিয়া জলপ্রকল্পের বেহাল দশা এবং গ্রামীণ এলাকায় পানীয় জলের তীব্র সংকট নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, শিল্পতালুকের দূষণ নিয়ন্ত্রণে বিধায়ক কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি কলকারখানা থাকলেও স্থানীয় যুবকদের কর্মসংস্থান না হওয়া এবং এলাকায় কোনো দমকল কেন্দ্র গড়ে না ওঠায় মানুষের মধ্যে আক্ষেপ বাড়ছে।
আসন্ন নির্বাচনে এই উন্নয়নের ‘রিপোর্ট কার্ড’ নিয়েই হরেরাম সিংকে মানুষের দরবারে যেতে হবে। একদিকে বিজেপি বিধায়ককে ব্যর্থ বলে আক্রমণ শানাচ্ছে, অন্যদিকে হরেরাম সিংয়ের দাবি, গত পাঁচ বছরে জামুড়িয়ায় যে পরিমাণ কাজ হয়েছে তা নজিরবিহীন। তবে পানীয় জলের সমস্যা ও দূষণ বিধির তোয়াক্কা না করে কারখানা চলার মতো জ্বলন্ত ইস্যুগুলো আগামী ভোটে শাসক দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

