৩ মাসের মধ্যে নিতে হবে পিএনজি সংযোগ, অন্যথায় মিলবে না রান্নার গ্যাস – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রান্নার গ্যাসের ব্যবহারে বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (পিএনজি) সরবরাহের পরিকাঠামো রয়েছে, সেখানে বাসিন্দাদের আগামী তিন মাসের মধ্যে সংযোগ নেওয়া বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যে পিএনজি সংযোগ না নিলে সংশ্লিষ্ট গ্রাহকের এলপিজি সিলিন্ডার সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
মূলত আন্তর্জাতিক বাজারে এলপিজি-র সংকট এবং আমদানিতে চাপের কারণেই এই কড়া পদক্ষেপ। সরকার চাইছে পাইপলাইনযুক্ত এলাকায় পিএনজি-র ব্যবহার বাড়িয়ে সিলিন্ডারগুলিকে সেইসব দুর্গম অঞ্চলে পাঠাতে, যেখানে এখনও পাইপলাইন পৌঁছায়নি। এতে সামগ্রিক বণ্টন ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকবে এবং সিলিন্ডার বুকিংয়ের ঝক্কিও কমবে বলে মনে করছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
তবে এই নিয়মে কিছু বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে। কারিগরি কারণে যদি কোনও এলাকায় পাইপলাইনের গ্যাস পৌঁছানো সম্ভব না হয়, তবে যথাযথ প্রমাণ বা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) থাকলে এলপিজি পরিষেবা অব্যাহত থাকবে। মূলত ‘এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট’-এর আওতায় এই নিয়ম জারি করে দ্রুত পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে চাইছে কেন্দ্র।

