৩ হাজার টাকা ভাতা ও দ্রুত ডিএ মেটানোর প্রতিশ্রুতি, বিজেপির সম্ভাব্য ইশতেহারে বড় চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ৫ এপ্রিল প্রকাশিত হতে পারে বিজেপির নির্বাচনী ইশতেহার। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের মোকাবিলায় একাধিক জনকল্যাণমূলক ও অর্থনৈতিক পরিবর্তনের রূপরেখা তৈরি করেছে গেরুয়া শিবির। এই ইশতেহারে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘যুবসাতি’ প্রকল্পের মাসিক ভাতা বাড়িয়ে ৩ হাজার টাকা করার বড় প্রতিশ্রুতি থাকতে পারে।
রাজ্যের শিল্পায়নে বিশেষ জোর দিয়ে সিঙ্গুরে অনিচ্ছুক জমির মালিকদের সম্মতিতে ১ হাজার একর জমিতে শিল্প পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে বিজেপি। এছাড়া চা, পাট ও ইস্পাত শিল্পের পুনরুজ্জীবনের পাশাপাশি উত্তর থেকে দক্ষিণবঙ্গ সংযোগকারী উন্নত সড়ক ও নতুন বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও থাকছে। কর্মসংস্থানে স্বচ্ছতা আনতে সব শূন্যপদে দ্রুত নিয়োগ এবং কৃষি পণ্যের ন্যায্য সহায়ক মূল্য (MSP) নিশ্চিত করার বিষয়টিও ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে।
আইনশৃঙ্খলার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দুর্নীতি ও মাফিয়া রাজ দমনের অঙ্গীকার করছে দল। মহিলাদের নিরাপত্তায় দ্রুত বিচার আদালত স্থাপন এবং অনুপ্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারির কথা বলা হয়েছে। একইসঙ্গে কুর্মালি ও রাজবংশী ভাষার স্বীকৃতি এবং বাংলা চলচ্চিত্রের হৃত গৌরব পুনরুদ্ধারের মাধ্যমে সাংস্কৃতিক আবেগকেও স্পর্শ করতে চাইছে বিজেপি। সব মিলিয়ে একগুচ্ছ আর্থ-সামাজিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ময়দানে নামছে তারা।

