৪০০০ কিমি পাড়ি দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা! কাঁপছে বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার দুর্গ হিসেবে পরিচিত ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। তেহরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত এই অতি সুরক্ষিত ঘাঁটিতে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের আসল শক্তি জানান দিল ইরান। ইতিপূর্বে ইরানের মিসাইল রেঞ্জ মাত্র ২,০০০ কিলোমিটার ভাবা হলেও, শনিবারে এই ঘটনা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে।
ইরানি সংবাদসংস্থা ‘মেহর’-এর দাবি অনুযায়ী, মার্কিন ও ব্রিটিশদের যৌথ এই ঘাঁটিতে আঘাত হানার মাধ্যমে ইরান প্রমাণ করল যে শক্রপক্ষের যে কোনো আস্তানা এখন তাদের নাগালে। যদিও আমেরিকা দাবি করেছে তাদের ‘SM-3’ ইন্টারসেপ্টর একটি মিসাইল ধ্বংস করেছে এবং অন্যটি মাঝ আকাশে ব্যর্থ হয়েছে, কিন্তু ৪,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার এই সক্ষমতা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের ধীরগতিতে প্রতিক্রিয়া জানানোর সমালোচনা করেছেন। দিয়েগো গার্সিয়া থেকে আমেরিকা সাধারণত তাদের বড় বোমারু বিমান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। ইরানের এই দুঃসাহসিক পদক্ষেপের পর এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের বাইরেও কি তবে মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ নয়?

