৪০-এর আগেই পিরিয়ড বন্ধ হলে কি অজান্তেই ঘনিয়ে আসছে হার্ট অ্যাটাক – এবেলা
এবেলা ডেস্কঃ
৪০ পেরোনোর আগেই কি মেনোপজ হয়ে গেল? তবে আপনার হার্টের অবস্থা নিয়ে এখনই সাবধান হওয়া জরুরি। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর গবেষণায় দেখা গেছে, যেসব মহিলার ৪০ বছরের আগে ঋতুনিবৃত্তি বা প্রাকৃতিক মেনোপজ হচ্ছে, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
আমেরিকার নর্থওয়েস্টার্ন মেডিসিনের গবেষকরা ‘জামা কার্ডিওলজি’ জার্নালে এই বিপদের কথা জানিয়েছেন। ১০ হাজার মহিলার ওপর দীর্ঘ কয়েক দশক ধরে চালানো এই গবেষণায় দেখা গেছে, ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়াই হার্টের এই বড় ক্ষতির মূল কারণ। ইস্ট্রোজেন কমে গেলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ে এবং ধমনীতে চর্বি জমে ব্লকেজ তৈরির সম্ভাবনা প্রবল হয়।
ভারতীয় মহিলাদের জন্য এই বিপদ আরও বেশি। উন্নত বিশ্বে মেনোপজের গড় বয়স ৫১ হলেও ভারতে অনেকেরই ৪৬-৪৭ বছর বয়সে ঋতুনিবৃত্তি ঘটে। এমনকি অপুষ্টি ও মানসিক চাপের কারণে অনেকের ৪০-এর আগেই পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের মতে, মেনোপজকে শুধু স্ত্রী-রোগ হিসেবে দেখলে চলবে না। অকাল মেনোপজ আসলে হৃদরোগের একটি আগাম সতর্কবার্তা। এই ঝুঁকি এড়াতে নিয়মিত রক্তচাপ ও সুগার পরীক্ষা করার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা অত্যন্ত জরুরি।

